EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুর্গোৎসব উদ্‌যাপনে সব ধরনের সহযোগিতা করবে সরকার: জহির উদ্দিন স্বপন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

দুর্গোৎসব উদ্‌যাপনে সব ধরনের সহযোগিতা করবে সরকার: জহির উদ্দিন স্বপন
অ অ

প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এ কথা জানিয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) বরিশালের গৌরনদী উপজেলার বার্থী কালীমন্দিরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় উপজেলার সব পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশ নেন।

উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ।

সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, কমিটির সাবেক সভাপতি মনোজ গোমস্তা এবং বার্থী মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি শান্তুনু ঘোষসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতারা।

জহির উদ্দিন স্বপন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ উৎসবের আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ নয়। অন্য সম্প্রদায়ের মানুষও এতে অংশ নেন।

তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ সনাতন ধর্মাবলম্বী। এ কারণে দুর্গোৎসব বাংলাদেশের জন্যও আনন্দের উৎসব।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, সরকার গঠনের পর এবারই প্রথম পূজা-পার্বণের আয়োজন দেখভালের দায়িত্ব সরকার নিয়েছে। সনাতন ধর্মাবলম্বী ভক্তরা তাদের ধর্মীয় উৎসব নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলে তিনি তাদের প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন।

আরও পড়ুন