EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফরিদপুরে ৭৮১ মণ্ডপে দুর্গাপূজার সর্বোচ্চ নিরাপত্তা, চিহ্নিত ঝুঁকিপূর্ণ ১৪৭টি

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পিএম

ফরিদপুরে ৭৮১ মণ্ডপে দুর্গাপূজার সর্বোচ্চ নিরাপত্তা, চিহ্নিত ঝুঁকিপূর্ণ ১৪৭টি

দুর্গাপূজার প্রস্তুতিতে চলছে শেষ তুৃলির আঁচড়। ছবি: সংগৃহীত

অ অ

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ফরিদপুর জেলাজুড়ে বইছে উৎসবের হাওয়া। জেলা সদরসহ ৯টি উপজেলায় এবার মোট ৭৮১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।  শারদোৎসবকে নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে প্রশাসনিক নিরাপত্তার পাশাপাশি জোর দেওয়া হয়েছে রাজনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর।

এর মধ্যে জেলা প্রশাসনের পর্যালোচনায় ১৪৭টি মণ্ডপকে ‘অতি গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) এবং ২৪২টি মণ্ডপকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। বাকি মণ্ডপগুলোকে সাধারণ শ্রেণিভুক্ত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, মণ্ডপগুলোতে নিরাপত্তা বিধান, দর্শনার্থীদের অবাধ চলাচল এবং সার্বিক পরিবেশ শান্ত রাখা নিয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। তাঁদের মতে, ধর্মীয় এই উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে কঠোর প্রশাসনিক নিরাপত্তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় রাজনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করা হয়েছে।

পূজা চলাকালীন কোনো ধরণের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সব প্রস্তুতি গুছিয়ে আনার শেষ মুহূর্তে এখন তুঙ্গে ব্যস্ততা। প্রতিমার চূড়ান্ত রূপ দেওয়া থেকে শুরু করে গেট ও প্যান্ডেল সাজানো— সবকিছুতেই দেখা যাচ্ছে শেষ মুহূর্তের ছোঁয়া। মণ্ডপে মণ্ডপে প্রতিমায় শেষ তুলির আঁচড়, দৃষ্টিনন্দন সাজসজ্জা ও আলোকসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পী ও পূজা উদযাপন কমিটির সদস্যরা।

নিরাপত্তা ও সম্প্রীতির ধারা বজায় রেখে সবার অংশগ্রহণে একটি আনন্দমুখর শারদোৎসব উদযাপিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও স্থানীয়রা।

আরও পড়ুন