EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২

ডেইলি সান রিপোর্ট, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম

রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

অ অ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজন মিয়া নামের এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার রূপসী-বাগবাড়ি সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজন মিয়া উপজেলার তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার বাসিন্দা মিলন মিয়ার ছেলে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ফয়সাল মিয়া এবং নোয়াখালী সদর থানার করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে জামাল মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, সোমবার রাত ২টার দিকে কয়েকজন যুবক যাত্রী সেজে রূপসী স্ট্যান্ড থেকে রাজনের অটোরিকশা ভাড়া নেন। অটোরিকশাটি রূপসী-বাগবাড়ি সেতু এলাকায় পৌঁছালে ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা চালক রাজনকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে তার গলায় আঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তারা।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রাজনকে উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ অভিযান চালায়। একপর্যায়ে তারাবো এলাকা থেকে ধাওয়া করে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল ও জামালকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিহত রাজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন