শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন করল ডিএসসিসি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০২:২৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তর শাহজাহানপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১ নম্বর ওয়ার্ডের বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেছেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম।
সোমবার (১২ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কাজের উদ্বোধন করেন। ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এ উদ্যোগের লক্ষ্য নগরীর পরিচ্ছন্নতা বাড়ানো, পরিবেশের উন্নয়ন এবং নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরি করা।
অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। তাঁদের জন্য চার লাখ টাকা করে মৃত্যুজনিত ঝুঁকি ভাতা এবং স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষাসামগ্রী দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ডাস্টবিনে বর্জ্য রাখতে হবে এবং প্রতিষ্ঠানের সামনের অংশ পরিচ্ছন্ন রাখতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা থেকে বিরত থাকলে নগর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও কমানো সম্ভব।
তিনি বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে সেফটি গামবুট, হ্যান্ড গ্লাভস, হেলমেট, সেফটি গগলস, ফার্স্ট এইড বক্স, ওয়ার্নিং কোন, কশন ফ্লোর সাইন ও হাই-ভিজিবিলিটি ভেস্ট বিতরণ করা হয়।
ডিএসসিসি জানিয়েছে, এর আগে কলাবাগান, পুরান এলিফ্যান্ট রোডের সবজি বাগান, মালিবাগ ও বুয়েট-সংলগ্ন পালাশী এলাকার এসটিএস আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
