EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

লালমনিরহাটে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: ডেইলি সান

অ অ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং মাঠমুখী করে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একসময় লালমনিরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে জমজমাট ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হতো। কিন্তু দীর্ঘদিন এ ধরনের কোনো উদ্যোগ ছিল না। স্টেডিয়াম জঞ্জাল ও আগাছায় ভরে গিয়েছিল। মাঠটি পরিচ্ছন্ন করে নতুনভাবে সাজানো হয়েছে।

তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সক্রিয় করা গেলে মাদকাসক্তিতে জড়িয়ে পড়া তরুণ ও যুবসমাজের একটি অংশকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে। ইতিমধ্যে এ জেলার তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি নতুন করে আগ্রহ দেখা যাচ্ছে। তারা আবার খেলার মাঠে ফিরছে। তরুণ প্রজন্মের কাছে খেলাধুলার ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

টুর্নামেন্টের সভাপতি ও লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক ও পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নিচ্ছে।

আরও পড়ুন