EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চিকিৎসাসেবার মান বাড়ালে বিদেশমুখী প্রবণতা কমবে: রাষ্ট্রপতি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পিএম

চিকিৎসাসেবার মান বাড়ালে বিদেশমুখী প্রবণতা কমবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

অ অ

দেশে চিকিৎসাসেবার মান আরও বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশে বিশ্বমানের চিকিৎসাব্যবস্থা রয়েছে। তবে সেবার মান আরও বাড়ানো গেলে দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে।

তিনি আরও বলেন, পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করা উচিত। এতে তাঁরা আরও ভালোভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন। 

সাক্ষাৎকালে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম রাষ্ট্রপতিকে জানান, দেশে এখন লিভার প্রতিস্থাপনের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডায়াবেটিস, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে দেশে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। পাশাপাশি হেপাটাইটিস-বি আক্রান্ত রোগীর সংখ্যাও ক্রমে বাড়ছে।

এ সময় অধ্যাপক শাহিনুল আলম আসন্ন এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার (এপাসল) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সম্মেলনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও সচিব এবং হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সদস্য লিভার বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন