EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত নিরাপত্তার আহ্বান

ডেইলি সান রিপোর্ট, ময়মনসিংহ

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম

পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত নিরাপত্তার আহ্বান

ছবি: সংগৃহীত

অ অ

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রয়োজনে বিজিবির সহায়তা নেওয়া এবং অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

রোববার (১১ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি উন্নয়নকাজের অগ্রগতিও নিয়মিত দেখতে হবে। সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করে পরবর্তী সভার আগেই কয়েকটি কাজের অগ্রগতি দেখাতে হবে।

তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত ও ময়মনসিংহের উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অগ্রগতি জানাতে হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখা এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। 

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ময়মনসিংহের উন্নয়নে সংসদ সদস্য ও সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে বিভিন্ন প্রকল্পের তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাস্তাঘাট উন্নয়ন, খাদ্যগুদাম নির্মাণ, নদীভাঙন রোধ এবং সরকারি ভবন নির্মাণ ও সংস্কার। জেলা প্রশাসকের কার্যালয়ের পুরোনো ভবন সংস্কার ও পাশে নতুন ভবন নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। আগামী বছর থেকে এসব কাজ শুরু হবে বলে জানান তিনি।

উন্নয়নকাজে দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সংসদ সদস্যরাও উন্নয়নকাজে নজরদারি রাখবেন।

দুর্গাপূজার নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাঁকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হবে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন