রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় নিন্দা জানাল বাংলাদেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:০৩ এএম
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
রবিবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানানো হয়। এতে বলা হয়, হামলায় দুই বাংলাদেশি নাগরিকের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঢাকা। একই সঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।
ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা আশ্বাস দিয়ে বিবৃতিতে জানানো হয়, নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
এ ঘটনায় সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। পাশাপাশি চলমান সংকটের প্রেক্ষাপটে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।
উল্লেখ্য, গতকাল শনিবার রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং আহত হন ৩০৯ জন।
