হঠাৎ স্থগিত ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট, যাত্রীদের জরুরি নির্দেশনা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা-রিয়াদ রুটের নির্ধারিত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-রিয়াদ রুটে বিমানের নির্ধারিত বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ফ্লাইট দুটির সময়সূচি পরিবর্তন কিংবা পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য রবিবার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এদিকে, হঠাৎ ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তে যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের সৃষ্ট অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ভোগান্তিতে পড়া যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও পরবর্তী নির্দেশনা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য যোগাযোগমাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় ঢাকা-রিয়াদ রুটের বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে বিমানের সর্বশেষ ঘোষণা জেনে নেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।