EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঈদের আগেই জাজিরা প্রান্তে বাস-বে ও ফুটওভার ব্রিজ চালুর নির্দেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম

ঈদের আগেই জাজিরা প্রান্তে বাস-বে ও ফুটওভার ব্রিজ চালুর নির্দেশ

পদ্মা সেতু এলাকায় চলমান প্রকল্প এবং নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এলাকা। ছবি: সংগৃহীত

অ অ

পদ্মা সেতু এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্প এবং নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। শনিবার (১০ অক্টোবর) এ পরিদর্শন শেষে নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে আগামী পবিত্র ঈদুল আজহার আগেই জাজিরা প্রান্তে নির্মানাধীন বাস-বে, যাত্রীছাউনি ও ফুটওভার ব্রিজ জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার কঠোর নির্দেশনা দিয়েছেন।

এ পরিদর্শনের অংশ হিসেবে জাজিরা প্রান্তের মাঝিরকান্দি এলাকায় নদীভাঙন পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন সেতু সচিব। এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক চলমান ভাঙন প্রতিরোধমূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তিনি। ভাঙন মোকাবিলায় যথাযথ পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে কার্যকর ও নিবিড় সমন্বয় সাধনের তাগিদ দেন সচিব।

পরিদর্শনকালে সেতু সচিব বলেন, ‘বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে দেশের যোগাযোগ খাতে এক অভাবনীয় রূপান্তর ঘটেছে। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও অদম্য সদিচ্ছার কারণেই আজ মেগা প্রকল্পসমূহ বাস্তবায়নের মুখ দেখছে। একই সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব এবং ধারাবাহিক দিকনির্দেশনায় দেশের যোগাযোগ অবকাঠামো বিশ্বমানে উন্নীত হচ্ছে।’

পদ্মা সেতুর টোল আদায় ব্যবস্থাকে আরও আধুনিক ও নির্বিঘ্ন করতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) রেজিস্ট্রেশন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন মোহাম্মদ আবদুর রউফ। তিনি এই কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ দেন।

এছাড়া জাজিরা প্রান্তে নির্মাণাধীন বাস-বে, যাত্রীছাউনি, ফুটওভার ব্রিজ এবং পদ্মা সেতু জাদুঘর নির্মাণের সার্বিক কাজের অগ্রগতি ঘুরে দেখেন ও কাজের মান বজায় রাখার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় পদ্মা সেতু এলাকায় রোপিত বিভিন্ন প্রজাতির চারাগাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন সচিব। চারাগাছগুলোর সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে নিয়মিত পানি সরবরাহ ও সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

পাশাপাশি তিনি সার্ভিস এরিয়াতে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম তদারকি করেন। জাজিরা প্রান্তের নির্মাণাধীন বাস-বে আলোকিত করার জন্য সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এর মাধ্যমে এখানকার বিদ্যুতের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা সম্ভব হবে।

সবশেষে পদ্মা সেতুর সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং চলমান উন্নয়নকাজের গতি ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ।

আরও পড়ুন