৪০ মিনিট বন্ধ রাখার পর খুলে দেওয়া হলো শাহজালালের রানওয়ে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর/ ছবি পুরোনো
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণ ঘোষণার কারণে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে রানওয়ে বন্ধ ছিল। এর মধ্যে ফ্লাইটটি নিরাপদে অবতরণের পর খুলে দেওয়া হয়েছে রানওয়ে। এরপর বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ফ্লাইট চলাচল শুরু হয়।
বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, রানওয়ে বন্ধ থাকার কারণে নেপালের কাঠমান্ডু থেকে আসা হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট দীর্ঘক্ষণ আকাশে অপেক্ষমাণ অবস্থায় ছিল। রানওয়ে খুলে দেওয়ার পর প্রথম ওই ফ্লাইটটি অবতরণ করে। পরে একে একে ফ্লাইট অবতরণ শুরু হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তর এক বার্তায় জানিয়েছে, কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী ফ্লাইট বিজি-৪৩৬ আজ বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে। অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটি সময়সূচিতে কিছুটা বিলম্বিত হয়েছিল। সব যাত্রী ও ক্রু কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছাতে পেরেছেন।