দল-মত-অঞ্চল নয়, উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলার মানুষ: এলজিআরডি মন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম
আগারগাঁওয়ে আলোচনা সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি: সংগৃহীত
দল-মত ও অঞ্চল বিবেচনায় নয়, দেশের সব উপজেলার মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে। কোনো একটি উপজেলার জন্য এমন সুবিধা দেওয়া উচিত হবে না, যা পাশের অন্য উপজেলাগুলোর মানুষ পাবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে সব এলাকার মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনে আয়োজিত ‘সমবায় সমিতির মাধ্যমে নগর ও পল্লী অঞ্চলে সৌরবিদ্যুৎ স্থাপনে কর্মকৌশল নির্ধারণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এছাড়া দেশে বিদ্যমান আড়াই লাখ সমবায় সমিতিকে কেবল নিবন্ধনের মধ্যে সীমাবদ্ধ না রেখে কার্যকরী ও জনকল্যাণমুখী করার আহ্বান জানান তিনি। নিবন্ধনের নিয়ম সহজ করার তাগিদ দিয়ে সৌরবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানির বহুল ব্যবহারের ওপরও তিনি গুরুত্ব দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ছাদে সৌরপ্যানেল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ৩৯০ কোটি টাকা ছাড় করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ।