লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৮ জেলে আটকের পর মামলা
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতি ও রায়পুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ৮ জেলেকে আটক করেছে জেলা মৎস্য বিভাগ। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা থেকে শনিবার (১০ অক্টোবর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় চার জেলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার জেলেকে জরিমানা করা হয়। তাদের দুই হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগের দিন একই অভিযোগে মেঘনা নদী থেকে আরও ১২ জেলেকে আটক করে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে ১১ জনকে দুই হাজার টাকা করে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
আটক অন্য জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সাজু মোল্লার মাছঘাট এলাকায় জাল পুড়িয়ে ফেলা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে। এ সময় নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীতে নিয়মিত অভিযান চালানো হবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ ধরলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গত ৮ অক্টোবর থেকে শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এ সময় মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পাবে। এতে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।