আশুলিয়ায় ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
ডেইলি সান রিপোর্ট, সাভার
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৪ এএম
ছবি: সংগৃহীত
ঢাকার আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকায় ঝুটের গোডাউনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতের এ ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য ডেইলি সানকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
রাত ৯টা ৪০ মিনিটের দিকে কাঁঠালতলা মোড়সংলগ্ন একটি গোডাউনে আগুন লাগে। পরে আগুন আশপাশের আরও কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন কাছের বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও ঝুঁকি তৈরি করে।
স্থানীয়দের ভাষ্য, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। এ সময় স্থানীয়রা বিভিন্ন বাসাবাড়ি থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি এবং জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, আগুন লাগার পর স্থানীয়রা পানি ও বালু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লাগার খবর পান তাঁরা। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
