আনসার-ভিডিপির কলেজভিত্তিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষ বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ
ডেইলি সান রিপোর্ট, পঞ্চগড়
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পিএম
পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে গাছের চারা ও সনদ বিতরণ করা হয়। পাশাপাশি দুই কলেজের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ।
শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
গত ৮ অক্টোবর পঞ্চগড়ের দেবীগঞ্জ, সদর ও আটোয়ারী উপজেলার কালিগঞ্জ বিএম কলেজ, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ এবং মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজে প্রশিক্ষণের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে গাছের চারা ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। বৃক্ষ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে উৎসাহিত করা হয়। অন্যদিকে প্রশিক্ষণ সনদ তাঁদের অর্জিত দক্ষতার স্বীকৃতি দেয়।
একই দিন বিকেল ৩টায় আটোয়ারীর মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজ মাঠে ওই কলেজ ও শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন দলকে পাঁচ হাজার টাকা এবং রানার্সআপ দলকে তিন হাজার টাকার চেক দেওয়া হয়।
প্রশিক্ষণ ও ক্রীড়া কার্যক্রমের সমন্বয়ে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, দলগত সংহতি, পারস্পরিক সম্প্রীতি ও ক্রীড়াসুলভ মনোভাব বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, পরিবেশ সংরক্ষণ এবং দেশ গঠনে তরুণদের ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় আনসার-ভিডিপির সদস্য, প্রশিক্ষণার্থী ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি তাদের ভালোবাসা ও উদ্দীপনা প্রকাশ করেন।
সমাপনী অনুষ্ঠানে রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল এবং পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট মো. ফরিদ রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।