ফরিদপুর
নগরকান্দায় শিশু হত্যা: প্রধান আসামি বাবলু শেখ গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পিএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের নগরকান্দার দ্বিতীয় শ্রেণীর শিশুশিক্ষার্থী মাহফুজা আক্তার (৭) হত্যা মামলার প্রধান আসামি মো. বাবলু শেখ (৫৮)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার গভীর রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবলু শেখ ফরিদপুরের নগরকান্দা থানার তারাকান্দি এলাকার বাসিন্দা।
জানা গেছে, গত ১ আগস্ট বিকেলে নগরকান্দার তারাকান্দি এলাকার ইদ্রিস আলী মোল্যার কন্যা শিশু মাহফুজা আক্তারকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় আসামি বাবলু শেখ ও তার সহযোগীরা। দীর্ঘ সময় মাহফুজা বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে বাবলু শেখের বসতবাড়িসংলগ্ন বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় নিহত শিশুটির পিতা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।