EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি: আসাদুল হাবিব দুলু

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম

আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি: আসাদুল হাবিব দুলু
অ অ

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে শহিদ আবু সাঈদ গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শহিদ আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি। শত শহিদের আত্মত্যাগের বিনিময়ে সাম্য, স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে, তা কাজে লাগাতে বর্তমান দেশপ্রেমিক গণতান্ত্রিক জাতীয়তাবাদী সরকার অঙ্গীকারবদ্ধ।

আসাদুল হাবিব দুলু বলেন, আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের পথিকৃৎ। তার আত্মত্যাগ স্ফুলিঙ্গের মতো দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল। এর ফলেই দীর্ঘদিন জাতির কাধে চেপে বসা স্বৈরাচারের পতন ঘটেছিল। আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে তার আত্মত্যাগ সম্পর্কে জানতে সহায়তা করবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে শহিদ আবু সাঈদ গেট নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, এ পথ দিয়ে যারা চলাচল করবেন, তারা আবু সাঈদকে অনুভব ও উপলব্ধি করতে পারবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী রংপুর শিল্পকলা একাডেমিতে রংপুর জেলা বিএনপির প্রয়াত সদস্যসচিব আনিসুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দেন।

আরও পড়ুন