EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, মানিকগঞ্জ

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পিএম

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর
অ অ

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, এ দেশ সবার। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকারি সাধারণ ত্রাণ (জিআর) কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপনের পরিবেশ বজায় রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ঈদ ও পূজা সবার উৎসব উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে সম্প্রীতির সম্পর্ক ধরে রাখতে হবে। কোনো ধরনের দ্বন্দ্বে না জড়িয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আফরোজা খানম বলেন, অতীতেও মানিকগঞ্জে দুর্গাপূজা সুন্দরভাবে উদ্‌যাপনে সবাই সম্মিলিতভাবে কাজ করেছেন। এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও শ্মশানঘাটের উন্নয়নসহ বিভিন্ন সহায়তা কার্যক্রমের কথা তুলে ধরে প্রয়োজনীয় উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ ছাড়া পৌরসভার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের চারটি সংগঠনকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এতে সনাতন ধর্মাবলম্বীদের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

এরপর পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগে পল্লী সবুজায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও মানুষের আর্থসামাজিক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এর আগে সকাল ১১টায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী। এ সময় তিনি তাঁর প্রয়াত পিতা হারুনার রশিদ খান মুন্নুর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সৎ, আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়; নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে দেশ ও সমাজের জন্য যোগ্য মানুষ হয়ে উঠতে হবে।

কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকেরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

আরও পড়ুন