মাদক সেবনের সরঞ্জামসহ আটক: বরিশালে পুলিশের এএসআই বরখাস্ত
ডেইলি সান রিপোর্ট, বরিশাল
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পিএম
বরিশালে মাদক অভিযানে আটকের পর এএসআই সাময়িক বরখাস্ত। ছবি: সংগৃহীত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ আটক হওয়ার পর বরিশাল এয়ারপোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর নির্দেশে আজ শুক্রবার (৯ অক্টোবর) তাঁর বিরুদ্ধে এই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এএসআই দেলোয়ার হোসেন গত ৩০ সেপ্টেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছিলেন। অধিদপ্তরের অভিযানে তাঁর আটক হওয়ার বিষয়টি জানার পরপরই দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার একটি বসতঘরে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়, তবে কোনো মাদক পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের একজন নিজেকে বরিশাল এয়ারপোর্ট থানার এএসআই হিসেবে পরিচয় দেন।
পরবর্তীতে অধিদপ্তরের সংশ্লিষ্ট পরিদর্শক বিষয়টি এয়ারপোর্ট থানার ওসিকে জানান। থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ছুটিতে থাকা ৩৮ বছর বয়সী ওই এএসআইকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
এএসআই দেলোয়ার হোসেন ছাড়া আটক অন্য তিনজন হলেন— বাগেরহাটের ফকিরহাটের নোয়াপাড়া এলাকার নাহিদ হাসান (২৬), বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর পাঁচগাঁও এলাকার মিরাজুল ইসলাম (৩৪) এবং বরিশাল নগরীর পলাশপুর এলাকার ফাতেমা আক্তার নুরজাত।
আটককৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।