EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকার ফুটপাত হকারমুক্ত করা হবে, অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করছে দুই সিটি করপোরেশন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পিএম

ঢাকার ফুটপাত হকারমুক্ত করা হবে, অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করছে দুই সিটি করপোরেশন
অ অ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব ফুটপাত অবৈধ হকারমুক্ত করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, অটোরিকশা নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশন কাজ করছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক ক্যাম্পেইন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক জানান, ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে পোস্টার সরিয়ে সেখানে গ্রাফিতি আঁকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাফিতিতে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত থাকবে না উল্লেখ করে তিনি বলেন, দেশের আন্দোলন-সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন, তাদের গ্রাফিতিতে স্থান দেওয়া হবে।

অটোরিকশা আন্দোলনের সমালোচনা করে শফিকুল ইসলাম খান বলেন, ওই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দেখা গেছে। তার দাবি, অটোরিকশার পক্ষে সাধারণ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেননি।

তিনি বলেন, জনগণের কাছে বারবার অবস্থান পরিবর্তন করে পার পাওয়া যাবে না। গণতন্ত্রের পথে ও জনগণের কাতারে এসে নগর উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সরকার ও সিটি করপোরেশনের কার্যক্রমের সমালোচনা করার অধিকার স্বীকার করে ডিএনসিসি প্রশাসক বলেন, সমালোচনা থাকবে। তবে গণতন্ত্রের অর্থ যা ইচ্ছা তা করা নয়।

জুলাই অভ্যুত্থানের পেছনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান ছিল বলে মন্তব্য করেন তিনি। মেট্রোরেলের পিলারে খালেদা জিয়ার ছবিও আঁকা হবে বলে জানান প্রশাসক।

ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে শফিকুল ইসলাম খান বলেন, যেসব এলাকায় সমস্যা রয়েছে, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে তা সমাধান করা হবে।

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ফুটপাত দখলকারীদের উসকানি দিয়ে আবারও ফুটপাত দখলের চেষ্টা করছে। কেউ ফুটপাত দখলের ষড়যন্ত্র করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন