EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক নিখোঁজ, উদ্ধারে পুলিশের একাধিক টিম

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ এএম

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক নিখোঁজ, উদ্ধারে পুলিশের একাধিক টিম
অ অ

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক ছেলে নবজাতক নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। নবজাতককে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে হাসপাতালের সিসিটিভি ফুটেজে এক নারীকে নবজাতক কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

নিখোঁজ নবজাতকের মা মরিয়মের (১৯) স্বামী শামীম বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি। এটি তাদের প্রথম সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর সকাল ১০টা ৫০ মিনিটে মরিয়মকে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। পরদিন সকালে চিকিৎসক ইশরাত হোমায়েরা নীলার তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন হয়। অ্যানেস্থেশিয়া দেন ডা. তৌহিদ।

কান্নাজড়িত কণ্ঠে মরিয়মের মা মমতাজ বেগম বলেন, মরিয়মকে ভুলভাল বুঝিয়ে আমার নাতিকে নিয়ে গেছে। চার বছর পর নাতির মুখ দেখেছি, কিন্তু তাকে ধরে রাখার ভাগ্য হলো না।

হাসপাতালের গাইনি বিভাগের নার্সিং ইনচার্জ খাদিজা আক্তার সুবর্ণা জানান, ঘটনার সময় মিডওয়াইফ নার্স নুসরাত জাহান এ্যানি, নার্স ফাতেমা আক্তার ও সাদিয়া খানম দায়িত্বে ছিলেন। বিষয়টি জানার পর তারা ঘটনাস্থলে যান। রোগীর চাপ বেশি থাকায় কে কার শিশুকে কোলে নিয়েছে, তা সবসময় নজরে রাখা সম্ভব হয় না বলেও জানান তিনি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহিন ভূইয়া বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম হাসপাতালে যান। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নবজাতক উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা জানান, সদর থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের একাধিক টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নবজাতক উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

সিসিটিভি ফুটেজে এক নারীকে নবজাতক কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হতে দেখা যাওয়ায় তাকে শনাক্তের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন