সেন্টমার্টিনে সমুদ্রে ফেলে দেওয়া বস্তা থেকে ৪২ কোটি টাকা মূল্যের মাদক জব্দ
ডেইলি সান রিপোর্ট, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমার (আইএমবিএল) বাংলাদেশের জলসীমায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চল এবং একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্রসীমায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিন।
জানা গেছে, ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট দেখতে পায় আভিযানিক দল। কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয়।
তাদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা তিনটি বস্তা সমুদ্রে ফেলে দেয়। এরপর তারা মিয়ানমার সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়।
পরে কোস্ট গার্ডের আভিযানিক দল পানিতে ফেলে দেওয়া বস্তাগুলো উদ্ধার করে প্রায় ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪২ কোটি টাকা।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, এ ঘটনায় মাদক পাচারকারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।