দুর্যোগ-সহনশীল আবাসনে পিকেএসএফ-এডিবির ১০ কোটি ডলারের চুক্তি সই
সরাসরি উপকৃত হবে ৪০ হাজার পরিবার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পিএম
দুর্যোগ-সহনশীল আবাসন প্রকল্পে পিকেএসএফ-এডিবির ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
দশ কোটি ডলারের চুক্তির আওতায় নিরাপদ ও দুর্যোগ-সহনশীল ঘর পেতে যাচ্ছে দেশের প্রায় ৪০ হাজার স্বল্প ও মধ্যম আয়ের পরিবার। ২০৩১ সাল পর্যন্ত মেয়াদি এই প্রকল্পে নারী ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, পিকেএসএফ-এর পক্ষে সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’-এর আওতায় ঋণের এই অর্থ নতুন বাড়ি নির্মাণের পাশাপাশি বিদ্যমান বাড়ি মেরামত ও উন্নয়নে ব্যবহার করা যাবে। বিশেষ করে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় যাদের গৃহঋণ পাওয়ার সুযোগ সীমিত বা নেই, এমন স্বল্প ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য প্রকল্পটি আবাসন অর্থায়নের বড় সুযোগ তৈরি করবে।
বন্যা, ঘূর্ণিঝড় ও অতিরিক্ত তাপসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও চরম আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় সক্ষম আবাসন নির্মাণে এই প্রকল্পে বিশেষ জোর দেওয়া হচ্ছে। বাড়ির নকশা, নির্মাণ ও সুরক্ষাব্যবস্থায় দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে। এর ফলে নিরাপদ আবাসন নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে নিম্ন আয়ের পরিবারগুলোর জীবন ও সম্পদের ঝুঁকি কমবে এবং দীর্ঘমেয়াদি সহনশীলতা বাড়বে।