এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ায় রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জের অভিযোগ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পিএম
আগামী ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা করবে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে কনসেশন চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই চুক্তির বিরোধিতা করে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। পরে পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’সহ বিভিন্ন বাম রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইনভেস্ট বাংলাদেশ কার্যালয়ের দিকে যান আন্দোলনকারীরা।
চুক্তির প্রতিবাদ ও হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ‘গণতান্ত্রিক অধিকার কমিটি’। তারা জানায়, পুলিশের লাঠিচার্জে গণতান্ত্রিক অধিকার কমিটির কয়েকজন সদস্য ও নেতা আহত হয়েছেন।
আন্দোলনকারীদের দাবি, দেশের প্রধান সমুদ্রবন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ। গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ বিদেশিদের কাছে হস্তান্তর দেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।
বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনার আমলে দেশি অপারেটরদের মাধ্যমে লাভজনক অবস্থায় থাকা এই টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকার সেই প্রক্রিয়া আরও দ্রুত করার উদ্যোগ নেয়। পরে আন্দোলনের মুখে তারা পিছিয়ে এলেও বর্তমান সরকার সব বাধা ও বিরোধ উপেক্ষা করে আজ এই চুক্তি সই করল।
আন্দোলনকারীদের অভিযোগ, সরকার সাম্রাজ্যবাদী দেশগুলোর চাপের কাছে নতি স্বীকার করেছে, বোয়িং ও এয়ারবাসের উড়োজাহাজ কেনার চুক্তি এর প্রমাণ।
