সুন্দরবনে অস্ত্র ও কার্তুজ উদ্ধার, পালিয়েছে ডাকাত দল
ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম
উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ নিয়ে কোস্ট গার্ড সদস্যরা। ছবি: সংগৃহীত
সুন্দরবনে অভিযান চালিয়ে ডাকাতদের ব্যবহৃত ১০টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার রাতে বাগেরহাটের মোংলা উপজেলার শেলা নদী ফরেস্ট অফিস-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গহিন বনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতির সময় লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ার পর ওই এলাকায় তল্লাশি চালিয়ে এগুলো জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে—এমন তথ্য পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, সুন্দরবনে সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের আশা, সরকারের নির্দেশনা, সবার সহযোগিতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা সম্ভব হবে।