EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:২০ পিএম

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
অ অ

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারাদেশে আগাম নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে প্রতিমা নির্মাণস্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শনের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও মন্দির কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করছেন বাহিনীর সদস্যরা।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করছেন।

মতবিনিময়কালে প্রতিমার নিরাপত্তা, পূজাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা উদযাপন কমিটি ও আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হচ্ছে।

পরিদর্শনের সময় পূজামণ্ডপের নিরাপত্তা, প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা, আলোকসজ্জা এবং অগ্নিনিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

পূজাকালীন দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটিগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য আনসার-ভিডিপির সদস্যদের প্রস্তুত রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে বাহিনীর এ আগাম প্রস্তুতি ও মাঠপর্যায়ের তৎপরতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন