EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফরিদপুরে মিথ্যা মামলা করার দায়ে স্বামী-স্ত্রীর ৩ বছরের সশ্রম কারাদণ্ড

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পিএম

ফরিদপুরে মিথ্যা মামলা করার দায়ে স্বামী-স্ত্রীর ৩ বছরের সশ্রম কারাদণ্ড
অ অ

ধর্ষণচেষ্টা ও হামলার মিথ্যা অভিযোগ এনে সাজানো মামলা দায়েরের দায়ে ফরিদপুরে মামলার বাদী রিনা আক্তার (৩৭) ও তার স্বামী ১ নম্বর সাক্ষী মাসুদ বেপারীকে (৪৪) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রিনা আক্তার ও তার স্বামী মাসুদ বেপারী ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের টানচর ওয়াজ হাওলাদারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত দম্পতিকে কড়া পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ২৮ আগস্ট রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে এক ব্যক্তি ঘরে ঢুকে বাদী রিনা আক্তারকে ধর্ষণচেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে একই বছর ৩ সেপ্টেম্বর বাদীর স্বামী মাসুদ বেপারী ও ননদের স্বামী শাহাবুদ্দিন বেপারীর ওপর হামলার অভিযোগ এনে মোট ১২ জনকে আসামি করে ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন রিনা আক্তার।

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আবেদন জমা হলে আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সদরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে নির্দেশ দেন। ওই বছরের ১৭ নভেম্বর মহিলা বিষয়ক কর্মকর্তা মামলাটির প্রাথমিক সত্যতা সংক্রান্ত প্রতিবেদন জমা দিলে ২০২৫ সালের ৩০ জুলাই আদালত মামলাটি আমলে নেন। চার্জ গঠনসহ আইনি নানা প্রক্রিয়া শেষে বুধবার মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।

সাক্ষ্যগ্রহণকালে ট্রাইব্যুনাল বাদী রিনা আক্তার ও তার স্বামী মাসুদ বেপারীর বক্তব্য গ্রহণ করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী বশীর আহমদ চৌধুরীর দীর্ঘ জেরায় বাদী ও তার স্বামী পরস্পরবিরোধী ও অসংলগ্ন বক্তব্য দেন। এতে ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে, ঘটনাটি সম্পূর্ণরূপে সাজানো ও ভিত্তিহীন। পরবর্তীতে আদালত অভিযোগটি মিথ্যা ঘোষণা করে বাদী ও তার প্রধান সাক্ষীকে মিথ্যা মামলা দায়েরের অপরাধে সর্বোচ্চ তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা করার অভিযোগে অভিযুক্ত করে মামলার বাদী রিনা আক্তার ও তার স্বামী মাসুদ বেপারীকে তিন বছরের কারাদন্ডের আদেশ দেন আদালতের বিচারক। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এই রায়ের মধ্যে দিয়ে মিথ্যা মামলা দায়েরের ঘটনা কমে আসবে বলে মনে করি।

আরও পড়ুন