বরগুনায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
ডেইলি সান রিপোর্ট, বরগুনা
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম
বরগুনার সোনারবাংলায় একটি প্রাইভেটকারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে বরগুনা-বেতাগী সড়কের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহিদুল ইসলাম (৩৫) বরগুনা সদর উপজেলার বদরখালী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিটিভির লোগো সংবলিত প্রাইভেটকারটি গৌরীচন্না এলাকা থেকে বরগুনা শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় গাড়িটি। এতে অটোরিকশার যাত্রী তাওহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অটোরিকশার আরও দুই যাত্রী।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহদাত হাসনাইন পারভেজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।