এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
মাসুম বিল্লাহ, গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, ‘ডাটা বলছে, এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত।’ শিশু অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে ‘শিশুর স্বপ্নে ৫০ বছর: অর্জন, অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে।
ড. আমানুল্লাহ বলেন, শিশুদের জন্য শুধু নীতি ও প্রকল্প গ্রহণ করলেই হবে না, এসব উদ্যোগ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে ‘চাইল্ড ম্যারিজ চ্যাম্পিয়ন’ তৈরি করারও আহ্বান জানান তিনি।
দেশের শিশুদের স্বাস্থ্য ও সামাজিক ঝুঁকির চিত্র তুলে ধরে তিনি বলেন, ২৪ শতাংশ শিশু ভয়ানক অপুষ্টির শিকার। বস্তি ও উপকূলীয় এলাকায় এ হার ৩৬ থেকে ৪৫ শতাংশ। প্রায় ৪০ শতাংশ শিশু সীসাদূষণে আক্রান্ত। কোনো কোনো শহরাঞ্চলে এ হার ৬০ শতাংশ পর্যন্ত।
শিশুশ্রমের বিষয়ে তিনি বলেন, ৫ থেকে ১৭ বছর বয়সী কর্মরত শিশুর সংখ্যা বেড়ে ৩৫ লাখে দাঁড়িয়েছে। শিশুশ্রমের হার ৬ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ২ শতাংশ হয়েছে। এর মধ্যে ১০ লাখ ৭০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছে।
বাল্যবিবাহের চিত্র তুলে ধরে ড. আমানুল্লাহ বলেন, দেশে ৪৭ থেকে ৫০ শতাংশ মেয়ের ১৮ বছর হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে। উপকূলীয় এলাকায় এ হার ৫৮ শতাংশের বেশি। এ ছাড়া ৮৬ শতাংশ শিশু বাড়ি বা বিদ্যালয়ে সহিংসতার শিকার হচ্ছে।
তিনি বলেন, শিশুদের সুরক্ষায় সমন্বিত ও ‘ক্রাশ প্রোগ্রাম’ হাতে নিতে হবে। এসব সমস্যা কোনো একক প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এ ক্ষেত্রে বাংলাদেশ শিশু একাডেমিকে সমন্বয়কের ভূমিকা পালন করতে হবে।
