ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে এমদাদুল হকের যোগদান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১০ পিএম
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী। জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এর পর আজ মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি) এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন এমদাদুল হক চৌধুরী।
দায়িত্ব গ্রহণের পর আজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন নতুন ভারপ্রাপ্ত সচিব। সভায় তিনি ভূমি সেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
এমদাদুল হক চৌধুরী জানান, মাঠপর্যায়ে ভূমিসংক্রান্ত সেবা দ্রুত ও কার্যকরভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে তিন অথবা ছয় মাসের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
সেবার মান উন্নত করা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ভারপ্রাপ্ত সচিব বলেন, জনস্বার্থ ও নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে সবাইকে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।