কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পিএম
নিহত সীমা আক্তার
কক্সবাজার শহরের কলাতলীতে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কলাতলীর সুগন্ধা সৈকত এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি নিকটাত্মীয়দের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
মাহবুব আলম জানান, ইজিবাইকে চলাচলের সময় ওই নারী পর্যটকের গলায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নিহত নারীর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
