EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

অ অ

লালমনিরহাটে স্ত্রী মিতু আক্তারকে পিটিয়ে হত্যার মামলায় স্বামী মো. আতিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার ও নথি সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর থানার গোকুন্ডা ইউনিয়নের গোকুন্ডা দাড়ারপাড় মুন্সিটারী এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আতিকুল ইসলামের সঙ্গে প্রায় দুই বছর আগে মিতু আক্তারের বিয়ে হয়। তাঁদের পাঁচ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মিতুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন আতিকুল।

২০২৩ সালের ২০ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জেরে আতিকুল মিতুকে গালিগালাজ করেন। পরে কাজের উদ্দেশ্যে পাবনা যেতে চাইলে মিতু তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আতিকুল প্রথমে মিতুর মাথা ও মুখে কিল-ঘুষি মারেন। পরে ঘরের উঠানে থাকা শক্ত প্লাস্টিকের পাইপ দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মিতু আক্তারের মৃত্যু হয়। এরপর আতিকুল বাড়ি থেকে পালিয়ে যান।

পরদিন ২১ সেপ্টেম্বর সকালে মিতুর শিশু সন্তান আতিকা আক্তারের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় তাঁরা বিছানায় মিতুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মিতুর বাবা মো. ইসলাম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ আতিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে ২০২৪ সালের ৪ জুলাই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট সামসুল আলম মিলন বলেন, আদালত সাক্ষ্য-প্রমাণ ও নথি পর্যালোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করেছেন। এ রায়ের মাধ্যমে অপরাধীদের কাছে একটি কঠোর বার্তা যাবে।

তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। রায়ের বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করার সুযোগ রয়েছে। আদালতের রায়ে বাদীপক্ষও সন্তোষ প্রকাশ করেছে।

আরও পড়ুন