EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রেখে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রেখে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ছবি: সংগৃহীত

অ অ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না। স্বৈরাচার ও ফ্যাসিবাদ ফিরে আসুক, তা কখনোই চাই না। এ জন্য তিনি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ঢাকা ক্যাথলিক আর্চডায়োসিসের সহকারী বিশপ সুব্রত বি. গমেজের নেতৃত্বে ২৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন এবং এসব বিষয়ে তাঁর সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সব নাগরিকের দেশ। এখানে সবাই সমান। কোনো নাগরিক যেন ধর্মীয় পরিচয়ের কারণে বঞ্চিত বা বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তিনি বলেন, দেশের খ্রিস্টান সম্প্রদায় দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। হলিক্রস, সেন্ট গ্রেগরিজ, সেন্ট জোসেফ ও নটরডেমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দেশের শিক্ষার মান বজায় রাখা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি ভবনের দরজা সব নাগরিকের জন্য সবসময় উন্মুক্ত। খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের যেকোনো যৌক্তিক সমস্যা ও বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

আরও পড়ুন