EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ধানমন্ডি লেক পুনরুজ্জীবনে খনন শুরু, ব্যয় হবে ২৬ কোটি টাকা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০১:২০ পিএম

ধানমন্ডি লেক পুনরুজ্জীবনে খনন শুরু, ব্যয় হবে ২৬ কোটি টাকা
অ অ

রাজধানীর ধানমন্ডি লেকের নাব্যতা ও নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনতে পুনঃখনন (ড্রেজিং) শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রায় এক বছর ধরে চলা এ কাজে লেকের তলদেশ থেকে ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার স্লাজ (কাদা ও বর্জ্য) অপসারণ করা হবে। প্রাথমিকভাবে এ কাজে ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি টাকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ধানমন্ডি লেক পুনঃখনন কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শেখ রবিউল আলম।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, ৩ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ৫৬ মিটার প্রশস্ত ধানমন্ডি লেকে প্রতিদিন প্রায় ৭০০ ঘনমিটার স্লাজ অপসারণের লক্ষ্যমাত্রা রয়েছে। এ কাজে দুটি ভাসমান এক্সকাভেটর ও চারটি বার্জ ব্যবহার করা হবে।

১৯৬০-এর দশকে পুরোনো পাণ্ডু নদীর অবশিষ্টাংশ নিয়ে ধানমন্ডি লেক গড়ে ওঠে। প্রায় ৮৬ একর জায়গাজুড়ে থাকা এলাকাটিতে বর্তমানে জলাশয় রয়েছে প্রায় ৫৫ একর।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনা তাঁর নির্বাচনী অঙ্গীকারের অংশ। লেক সংস্কারে দুটি প্রকল্প অনুমোদন হয়েছে এবং এর প্রথম ধাপ হিসেবে স্লাজ অপসারণের কাজ শুরু হলো।

তিনি বলেন, বিস্তারিত নকশা অনুযায়ী পুরো লেক সংস্কার করা হবে। একই সঙ্গে লেকের পরিবেশ রক্ষায় দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, লেকের তলদেশ পরিষ্কারের পর পানি শোধন, সাইডওয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জার কাজ করা হবে। ধানমন্ডি এলাকার সড়ক, ফুটপাত ও অন্যান্য অবকাঠামোও উন্নত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, শিশুদের জন্য স্পিডবোটের ব্যবস্থা করার পাশাপাশি রবীন্দ্র সরোবরের আদলে ধানমন্ডি লেকে ‘নজরুল সরোবর’ নামে একটি উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

৭৫ কোটি টাকার মাস্টারপ্ল্যান

ডিএসসিসি জানিয়েছে, দীর্ঘদিনের জলাবদ্ধতা, অবকাঠামোগত ক্ষয় ও পরিবেশগত ক্ষতি কমিয়ে ধানমন্ডি লেককে আধুনিক বিনোদনকেন্দ্রে রূপ দিতে মোট ৭৫ কোটি টাকার একটি মাস্টারপ্ল্যান নেওয়া হয়েছে। এর মধ্যে লেক ও অবকাঠামো সংস্কারে ৫০ কোটি এবং ‘নজরুল সরোবর’ নির্মাণে ২৫ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনায় লেকের পাড় সুরক্ষা ও ঢাল স্থিতিশীল করা, আধুনিক নিষ্কাশনব্যবস্থা, হাঁটার পথ সংস্কার, আলোকসজ্জা, সীমানাবেষ্টনী ও নিরাপত্তা রেলিং সংস্কারের কথা রয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, এনাউন্সমেন্ট সিস্টেম ও নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে।

লেক এলাকায় তিনটি ভাসমান ডেক, কিয়স্ক, আধুনিক জিম, ক্যাফেটেরিয়া, ব্যাডমিন্টন কোর্ট, উন্মুক্ত ব্যায়ামাগার ও পার্কিং সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। পরিবেশের জন্য উদ্ভিদের চিকিৎসায় ‘ট্রি হাসপাতাল’, নিরাপদ খাবার পানি ও জনবান্ধব শৌচাগার স্থাপনের কথাও বলা হয়েছে।

২৫ কোটি টাকায় ‘নজরুল সরোবর’

কবি নজরুল ইনস্টিটিউটের বিপরীতে ধানমন্ডির ১৩/এ ও ৮/এ সড়কের পাশে ৫০ দশমিক ৯৬৭ কাঠা জমিতে ২৫ কোটি টাকা ব্যয়ে ‘নজরুল চত্বর’ বা ‘বিদ্রোহী চত্বর’ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এখানে নজরুলসংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা আয়োজনের জন্য উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটার ও গ্রিনরুম থাকবে। পাশাপাশি নজরুলের জীবন, সাহিত্যকর্ম ও বিদ্রোহী চেতনাকে তুলে ধরতে বুক কর্নার, লাইব্রেরি, তথ্যফলক, নগর বন, প্লাজা ও লেকের ঘাট নির্মাণ করা হবে।

কাজী নজরুল ইসলামের পছন্দের খাবার পরিবেশনের জন্য বিশেষ রেস্তোরাঁ ও ক্যাফে রাখার পরিকল্পনাও রয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, লেকের তলদেশ থেকে স্লাজ অপসারণের পরপরই মূল সংস্কারকাজ ও ‘নজরুল সরোবর’ নির্মাণের কাজ একযোগে বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন