EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুন্দরবনের পাশে অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

ডেইলি সান রিপোর্ট, খুলনা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পিএম

সুন্দরবনের পাশে অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ
অ অ

সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এর আগে দুই দফায় এসব রিসোর্ট বন্ধের নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়েছিল।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরীফুল ইসলাম।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত রবিবার (৪ অক্টোবর) খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ রিসোর্ট মালিকদের লিখিতভাবে চূড়ান্ত নোটিশ দেন।

নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিসোর্টগুলোর সব স্থাপনা সরিয়ে না নিলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং নিয়মিত মামলা করার মতো পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

চূড়ান্ত নোটিশ পাওয়া রিসোর্টগুলো হলো—সুন্দরী, ইরাবতী, অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়াবন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস ও বনলতা ইকো কটেজ।

এর মধ্যে ১০টি প্রতিষ্ঠানকে ৩০ দিনের মধ্যে এবং বাকি আটটি প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে সব স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট রিসোর্টগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন