EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লটারিতে প্রথমবার সাবরেজিস্ট্রার বদলি, ঢাকার ১৮ পদে বাছাই ১৮ জন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ পিএম

লটারিতে প্রথমবার সাবরেজিস্ট্রার বদলি, ঢাকার ১৮ পদে বাছাই ১৮ জন
অ অ

সাবরেজিস্ট্রারদের বদলি ও পদায়নে প্রথমবারের মতো লটারি পদ্ধতি চালু করেছে আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে প্রথম ধাপে ১৩১ জন সাবরেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে লটারির মাধ্যমে ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি অফিসের জন্য ১৮ জনকে বাছাই করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এই বদলি কার্যক্রমের উদ্বোধন শেষে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। রাতারাতি এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। তবে পরিবর্তনের জন্য কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হয়। আজ সেই কাজ শুরু হয়েছে।

ঢাকায় পোস্টিংকে ‘প্রাইস পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সাধারণভাবে মনে করা হয়, ঢাকার গুরুত্বপূর্ণ পদগুলোতে যাদের পদায়ন করা হয়, তারাই বেশি গুরুত্বপূর্ণ। সেই ‘প্রাইস পোস্টিং’-এর ক্ষেত্রেই প্রথমবারের মতো লটারি করা হচ্ছে।

তিনি জানান, সারাদেশের ১৩১ জন সাবরেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি অফিসের জন্য ১৮ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। তাদের দক্ষতা ও যোগ্যতা বিবেচনা করে গুরুত্বপূর্ণ সাবরেজিস্ট্রি অফিসে পদায়ন করা হবে।

আইনমন্ত্রী আরও বলেন, বদলির পর নতুন কর্মস্থলে গিয়ে কেউ আবার দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হবে।

এদিকে একজন সাবরেজিস্ট্রারের কাছ থেকে এক সাংবাদিকের টাকা নেওয়ার অভিযোগের বিষয়টিও মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন