শাহজালালে তিন যাত্রীর ব্যাগে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ এএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান পরিচালনা করা হয়। মহাপরিচালকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের (সি-শিফট) কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।
এ সময় শারজাহ থেকে ঢাকাগামী G9 571 ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তিন যাত্রীর ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও ইলেকট্রনিক পণ্য পাওয়া যায়।
কর্মকর্তারা জানান, যাত্রী মোহাম্মদ শাহিনের ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ; কে এম ফজল হকের ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং বেলায়েত ভূঁইয়া হোসাইনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ আটক করা হয়।
সব মিলিয়ে তিন যাত্রীর কাছ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, গোপন তথ্য সংগ্রহ, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।