স্বচ্ছতা-জবাবদিহিতায় চার্টার্ড অ্যাকাউনট্যান্টদের ভূমিকা অপরিহার্য: রাষ্ট্রপতি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম
দেশের প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চার্টার্ড অ্যাকাউনট্যান্টদের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারি-বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের আস্থা অটুট রাখতে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করতে এ পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি সাব্বীর আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, সরকারি-বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা বজায় রাখা ও বিনিয়োগকারীদের আস্থা অটুট রাখতে চার্টার্ড অ্যাকাউনট্যান্টস ও নিরীক্ষা পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, প্রাতিষ্ঠানিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের আস্থা আরও বাড়বে। এ ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউনট্যান্টদের পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
সাক্ষাৎকালে আইসিএবি প্রতিনিধিদল সংগঠনটির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা আগামী নভেম্বরে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টসের (সাফা) উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণের আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।