সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম
ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ এবং গ্রেপ্তার চার নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। সোমবার (৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শেষে দৈনিক বাংলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ আলটিমেটাম দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সবুজবাগ থানা পুলিশ ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চার নেতাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সবুজবাগ থানা কমিটির সভাপতি আকবর, তার ছেলে ইয়াসিন, সেন্টু ও রহিম মহাজন।
সমাবেশে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, “আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, অসহযোগিতা করতে চাই না। কিন্তু আমাদের যে চারজন নেতাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় এবং অন্যায়ভাবে রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ করা না হয়, তাহলে আমরা আগামীতে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন ঘোষণা করব।”
সংগঠনের বাকি দাবিগুলো সরকার বিবেচনা করে তাদের সঙ্গে আলোচনায় বসবে বলে তারা আশা করছেন।
এস এম আবুবকর সিদ্দিক আরও বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে এই চার নেতাকে মুক্তি না দিলে আমরা যে কর্মসূচি ঘোষণা করব, তা ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কারও আছে বলে আমার মনে হয় না।”
এ সময় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ ও গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।