EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সবার জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ এএম

সবার জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও টেকসই আবাসন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, টেকসই আবাসন মানে শুধু একটি ঘর নয়; এর সঙ্গে নিরাপদ পানি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, উন্নত পয়ঃনিষ্কাশন, গণপরিবহন, উন্নত সড়ক ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং নিরাপদ পরিবেশ জড়িত।

তিনি বলেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করা সহজ নয়। তবে এ চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জনসংখ্যার চাপ কমাতে বিকেন্দ্রীভূত ও ভারসাম্যপূর্ণ নগরায়ণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

পরিকল্পিত, নিরাপদ, পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তোলার পাশাপাশি নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী।


তিনি বলেন, শহরাঞ্চলে জনসংখ্যার চাপ কমাতে গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়ানো, যোগাযোগব্যবস্থা উন্নত করা এবং ঢাকার আশপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার গৃহীত পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে পারলে ‘সবার জন্য নিরাপদ বাসস্থান’ দেশের নাগরিকদের সামনে একটি বাস্তবতায় পরিণত হবে, ইনশাল্লাহ।

আরও পড়ুন