ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত, আহত ৫
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রঞ্জন বর্মন (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার (৩ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা গড়েয়া এলাকা থেকে ঠাকুরগাঁও জেলা সদরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও অটোরিকশার আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রঞ্জন বর্মনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী বলেন, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।