চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর: আশ্বাস দুই মন্ত্রীর
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বন্দরটি চালু হলে এলাকার কর্মসংস্থান ও বাণিজ্য বাড়বে বলে মনে করছেন তাঁরা
ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম
মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন করছেন দুই মন্ত্রী। ছবি: হাসান উল আজিজ
ভারতের সাথে চুক্তি হলেই লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু হবে বলে আশ্বাস দিয়েছেন সরকারের দুই মন্ত্রী। রবিবার (৪ অক্টোবর) দুপুরে বন্দর এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তারা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘আন্তর্জাতিক এই বন্দরটি চালুর জন্য ভারতের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করা বাধ্যতামূলক। অবকাঠামো সংস্কার আমাদের নিজস্ব বিষয় হলেও আগে ভারতের সদিচ্ছা নিয়ে চুক্তি সম্পন্ন করতে হবে।’
বন্দরটি চালু হলে এই অঞ্চলের কর্মহীন মানুষের ব্যাপক কর্মসংস্থান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান জানান, বন্দরটি চালুর জন্য অবকাঠামো ও জনবল নিশ্চিত করতে মন্ত্রণালয় পুরোপুরি প্রস্তুত। ভারতীয় পক্ষও বিষয়টি অবগত রয়েছে এবং দুই দেশের সমঝোতায় খুব অল্প সময়েই এটি চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনের সময় মন্ত্রীদের সঙ্গে ছিলেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানসহ অন্যরা।
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, বন্দরটি চালু হলে লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে। কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং আমদানি-রপ্তানি বাড়বে বলে তাঁদের প্রত্যাশা।