১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম
ভোক্তাপর্যায়ে দাম বেড়েছে রান্নায় সবচেয়ে বেশি ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। এবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে।
সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না বলে অভিযোগ রয়েছে ক্রেতাদের।
যদিও গত কয়েক সপ্তাহ ধরে চাহিদার চেয়ে এলপিজি সরবরাহ কমেছে বাজারে। এতে করে ১২ কেজি এলপিজির সিলিন্ডার ৫০০ থেকে ৮০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ আছে।
এদিকে এলপিজির সঙ্গে সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। অক্টোবর মাসের জন্য আজ রবিবার নতুন দাম ঘোষণা করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
অটোগ্যাসের দাম বাড়িয়ে লিটারপ্রতি করা হয়েছে ৮৪ টাকা। যা আগে ছিল ৭৩ টাকা ৯ পয়সা। আজ রবিবার সন্ধ্যা ৬টা থেকে থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।