রুবেল হত্যা মামলায় সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পিএম
জুলাই আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানা এলাকায় গার্মেন্টসকর্মী রুবেলকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৯ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান হাবিবুল আউয়ালকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৪ অক্টোবর দিন ধার্য করেন।
পুলিশের আবেদনে বলা হয়, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজী হাবিবুল আউয়ালকে মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
আবেদনে আরও বলা হয়, হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্বে থাকলেও মামলার এজাহারভুক্ত গুরুত্বপূর্ণ আসামিদের সঙ্গে বিভিন্ন ষড়যন্ত্রে সহায়তাকারী হিসেবে ভূমিকা পালন করেছেন বলে তদন্তে উঠে এসেছে।
২০২৪ সালের নির্বাচন আয়োজনের মাধ্যমে তৎকালীন সরকারকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং মূল রহস্য উদঘাটনের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
তবে আসামিপক্ষের আইনজীবী তাপস চন্দ্র দাস গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এর পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
যেভাবে হত্যা করা হয় রুবেলকে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবর থানার রিংরোড এলাকায় একটি প্রতিবাদ মিছিল বের করেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালান বলে অভিযোগ করা হয়।
এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান গার্মেন্টসকর্মী রুবেল। এ ঘটনায় ওই বছরের ২২ আগস্ট আদাবর থানায় মামলা করেন তার বাবা রফিকুল ইসলাম।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।