বিশ্বমঞ্চে বাংলাদেশের সামাজিক সুরক্ষা ভাবনা তুলে ধরলেন জহির স্বপন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৫ পিএম
আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচির অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
আজ রবিবার (৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় থিংকট্যাংক সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে তিনি বক্তব্য দিয়েছেন।
‘বাংলাদেশে ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির অভিজ্ঞতা ও পরবর্তী করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি। ইউএনডিপির সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনায় আইএলও, মালয়েশিয়া, মালদ্বীপ, সিপিডিসহ বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট, মালদ্বীপের সাবেক প্রধানমন্ত্রীসহ প্রায় ১০০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
আলোচনায় বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অভিজ্ঞতা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা মতবিনিময় করেন।
বিশেষ করে ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তব অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয়। পাশাপাশি সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করার ক্ষেত্রে ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান জহির উদ্দিন স্বপন।
আন্তর্জাতিক এই সম্মেলনে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচির অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে বলে তার পোস্টে উল্লেখ করা হয়েছে।