শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম
গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি স্বর্ণ আটক করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।
রোববার (৪ অক্টোবর) কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-০১৯৬-এর যাত্রী মালয়েশিয়ার নাগরিক এমআর ইয়াং ডন সিউ (৪৩)-এর কাছ থেকে এসব স্বর্ণ আটক করা হয়।
আটক স্বর্ণের মধ্যে প্রতিটি এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণবার রয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর বিমান থেকে নামার সময় সন্দেহভাজন ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। পরে যাত্রীরা ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তল্লাশি করা হয়। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তল্লাশির সময় তার শরীর থেকে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।
স্বর্ণবারগুলো অভিনব কায়দায় একটি কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় শার্টের নিচে লুকিয়ে বহন করছিলেন ওই যাত্রী। উদ্ধার করা স্বর্ণবারগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা।
কাস্টমস কর্তৃপক্ষ আরও জানায়, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। এ ছাড়া ‘কাস্টমস আইন ২০২৩’ ও ‘ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট ১৯৪৭’ অনুযায়ী স্বর্ণের বিষয়ে কোনো নথি বা দলিলও দেখাতে পারেননি।
আইনি কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে ‘কাস্টমস আইন ২০২৩’-এর ধারা ১৯১ অনুযায়ী স্বর্ণগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
