EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চোরাই গরু জবাই করে বৌভাত, বরের বাবা গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৩ এএম

চোরাই গরু জবাই করে বৌভাত, বরের বাবা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অ অ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছেলের বৌভাতের অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নের জন্য জবাই করা হয় চুরি যাওয়া একটি গরু। গরুর মালিক এসে সেটি শনাক্ত করার পর ভণ্ডুল হয়ে যায় বৌভাতের আয়োজন। এ ঘটনায় বরের বাবা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে পাশের রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে হয়। পরদিন শনিবার সোহানদের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। অতিথিদের আপ্যায়নের জন্য পরিবারের পক্ষ থেকে একটি গরু জবাই করা হয়।

এদিকে শুক্রবার ভোরে পশ্চিম মাস্তা গ্রামের মৃত আলী শেখের ছেলে শহিদুল ইসলামের বাড়ির গেটের তালা ভেঙে গোয়ালঘর থেকে প্রায় এক লাখ টাকা মূল্যের একটি গরু চুরি হয়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যদের নিয়ে গরুর খোঁজে বের হন শহিদুল। স্থানীয় লোকজনও তাদের সঙ্গে যোগ দেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের জমিতে গরুর পায়ের ছাপ দেখতে পান তারা। সেই ছাপ অনুসরণ করে ভাতিজা আনারুলকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন শহিদুল। পরে তারা পাশের বকশিচর গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে পৌঁছান। সেখানে জবাই করা গরুর মাংস, চামড়া ও মাথা দেখে সেটিকে নিজেদের চুরি যাওয়া গরু বলে শনাক্ত করেন শহিদুল ও আনারুল।

এ নিয়ে প্রতিবাদ করলে রফিকুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রফিকুলের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে আনারুলের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বরের বাবা রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহান ও তার ভাই রাব্বি পালিয়ে যান।

পুলিশ ঘটনাস্থল থেকে জবাই করা গরুর মাংস, চামড়া, পা ও মাথা জব্দ করে।

এ ঘটনায় শনিবার রাতে গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে রফিকুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। চুরি হওয়া গরুর বিভিন্ন অংশ জব্দ করা হয়েছে। বরের বাবা রফিকুল ইসলামকে রোববার আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন