ব্রাহ্মণবাড়িয়া
সরাইলে জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়
গ্রামীণ উন্নয়নে জোর
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পিএম
সরাইলে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা পরিষদ প্রশাসক। ছবি: ডেইলি সান
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে সরাইল সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি উপজেলার শাহবাজপুর, শাহজাদাপুর, কালীকচ্ছ, নোয়াগাঁও, সরাইল সদর ও পানিশ্বর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং স্থানীয় উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের খোঁজখবর নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ব্যবস্থার দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ইউনিয়ন পরিষদ স্থানীয় মানুষের সমস্যা সবচেয়ে কাছ থেকে বোঝে, আর জেলা পরিষদ বৃহত্তর পরিসরে অবকাঠামো নির্মাণে ভূমিকা রাখে। তাই দুই প্রতিষ্ঠানের কার্যকর সমন্বয় জরুরি।
তিনি বলেন, আমি চাই গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন হোক। গ্রামের মানুষ এগিয়ে গেলে তাদের সহযোগিতায় শহর এগিয়ে যাবে। শহর এগিয়ে গেলে বিভাগ এগিয়ে যাবে, আর বিভাগ এগিয়ে গেলে আমাদের রাজধানী ও পুরো দেশ এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, জেলা পরিষদ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন ও স্থানীয় চাহিদাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম আরও সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হবে।
সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জব্বারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সহ-সভাপতি আশরাফুল করিম রিপন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ বিটু এবং সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি পারভেজ আলম ও সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া।