সুনামগঞ্জে সরকারের ছয় মাসের কার্যক্রম নিয়ে সেমিনার
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সরকারের কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি: ডেইলি সান
সুনামগঞ্জে সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সুনামগঞ্জের সমাজসেবা কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব নিয়েই দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সরকারের নানা উন্নয়ন কার্যক্রম ও সাফল্য বস্তুনিষ্ঠভাবে তৃণমূলের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।
স্বাগত বক্তব্য দেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিন। এ ছাড়া ওই অফিসের তথ্য কর্মকর্তা মো. আকিকুর রেজা, উপপ্রধান তথ্য কর্মকর্তা হাছিনা আক্তার এবং সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারে গুজব ও অপপ্রচার মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা, সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় তথ্য অধিদপ্তরের ভূমিকা ও আগামীর চ্যালেঞ্জ, এবং বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে বক্তব্য দেন বক্তারা। সুনামগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।
সংবাদ সংগ্রহ ও প্রকাশে প্রয়োজনীয় তথ্য সহজে পাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাংবাদিকদের আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।