বরিশালে ৯০ কেজি গাঁজাসহ আটক ১, পিকআপ জব্দ
ডেইলি সান রিপোর্ট, বরিশাল
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম
ছবি: সংগৃহীত
বরিশাল নগরীর রসুলপুর বরফকল এলাকা থেকে ৯০ কেজি গাঁজাসহ রুহুল হাওলাদার (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার রাত দেড়টার দিকে এই অভিযানের সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর বরফকলের সামনের সড়কে একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩০টি পোটলায় রাখা ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিএনসি জানায়, এই চক্রটি কুমিল্লা থেকে অভিনব কায়দায় গাঁজা এনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করত। অভিযানের সময় মো. সিরাজ মিয়া ও মো. পলাশ হাওলাদার নামে আরও দুজন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।